বান্দরবানে ২৫ দিন পর যান চলাচল শুরু

আপডেট : ২০ জুলাই ২০২০, ২১:৩২

বান্দরবান প্রতিনিধি

দীর্ঘ ২৫ দিন পর বান্দরবান রুটে সবধরণের যানবাহন চলাচল চালু হয়েছে। সোমবার সকালে ৬টা থেকে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা অনুযায়ী বান্দরবান জেলার সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারসহ অভ্যন্তরীণ সবগুলো রুটে সবধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে। ডাবল সিটে সিঙ্গেল যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন শহর বান্দরবান ছেড়ে গেছে দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলো। তবে এ জন্য যাত্রীদের দিতে হচ্ছে ডাবল সিটের ভাড়া।

এদিকে দীর্ঘদিন পর যানবাহন চলাচল খুলে দেওয়ায় স্বস্তি ফিরেছে পরিবহন শ্রমিক-মালিকদের মধ্যে। জেলা শহরের ফাঁকা সড়কগুলোতে দীর্ঘদিন পর যানবাহনের ভিড় লক্ষ্য করা গেছে প্রথমদিনেই। তবে বাসস্ট্যান্ডে যাত্রীদের খুব একটা ভিড় দেখা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন জানান, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক রেড জোন ঘোষিত বান্দরবানে ২১ দিনের লকডাউন শেষে খুলে দেওয়া হয়েছিল দোকানপাট। কিন্তু আরো চারদিন পর্যবেক্ষণের পর সোমবার থেকে বান্দরবানের সবগুলো রুটে সবধরনের যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে মানতে হবে স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা। তবে ঈদের আগে পর্যটন স্পট এবং আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্টহাউজ খুলে দেওয়ার আপাতত সম্ভাবনা নেই।