রেকর্ড গড়েও মেসির আক্ষেপ

আপডেট : ২০ জুলাই ২০২০, ২১:৩৮

এক মৌসুমে

২১ গোলের রেকর্ড

 স্পোর্টস ডেস্ক

পিচিচি রেকর্ড সংখ্যক বারের মতো জয় আর এক মৌসুমে সর্বোচ্চ জোগানের কীর্তি চাট্টিখানি কথা নয় মোটেও। রবিবার আলাভেসের বিপক্ষে শেষ লিগ ম্যাচে জোড়া গোল করে আর একটি করিয়ে বার্সেলোনার ৫-০ ব্যবধানে জয়ের বড় অবদান রেখে অনন্য এ দুই কীর্তি গড়েছেন লিওনেল মেসি। তবুও লিগ শিরোপা না জেতায় আক্ষেপ পোড়াচ্ছে বার্সা অধিনায়ককে।

লা লিগা খোয়ানো নিশ্চিত হয়ে গিয়েছিল আগের ম্যাচেই। তবুও লিগের শেষ ম্যাচে পূর্ণশক্তির বার্সেলোনা মাঠে, চ্যাম্পিয়ন্স লিগের আগে ম্যাচ পরিস্থিতিতে শেষবার খেলা বলেই হয়তো! প্রতিপক্ষের মাঠে খেলার ২৪ মিনিটে নিচু ক্রসে আনসু ফাতিকে দিয়ে গোল করিয়ে মৌসুমের ২১তম জোগানটি পেয়ে যান মেসি। ভাঙেন ২০০৮-০৯ মৌসুমে জাভির ২০ অ্যাসিস্টের রেকর্ড।

এর মিনিট দশেক পর নিজেও লক্ষ্যভেদ করেন মেসি। বিরতির আগে পরে গোল পান লুই সুয়ারেজ আর নেলসন সেমেদো। ৭৫ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় আর মৌসুমে ২৫তম গোলটি করেন বার্সা অধিনায়ক। ২১ গোল নিয়ে দ্বিতীয় স্থানে থাকা করিম বেনজেমা লেগানেসের বিপক্ষে গোল করতে ব্যর্থ হলে মৌসুমের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি রেকর্ড সপ্তমবারের মতো জেতেন মেসি।

এর আগে ছয় মৌসুমে এ পুরস্কারটি জেতে অ্যাথলেটিক বিলবাও কিংবদন্তি টেলমো জারার সঙ্গে সমতায় ছিলেন ছয় বারের ব্যালন ডি’অর জয়ী। তবে ব্যক্তিগত পুরস্কারকে পুরো ক্যারিয়ার জুড়েই দলীয় অর্জনের নিচে স্থান দিয়েছেন মেসি। চলতি মৌসুমে লিগ খোয়ানোয় ব্যক্তিগত এ অর্জন তাই আপাতত তার কাছে ফিকে।

পিচিচি জয়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘পুরস্কার আর ব্যক্তিগত মাইলফলক কখনোই প্রধান লক্ষ্য নয়। সাতবার পুরস্কারটা জেতা হয়তো গুরুত্ববহ, কিন্তু একটা লিগ শিরোপাসহ এই অর্জনটা করতে পারলে একে পছন্দ করতাম আমি!’

তবে আলাভেসের বিপক্ষে ৫-০ ব্যবধানের জয়কে চ্যাম্পিয়ন্স লিগের আগে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন বার্সা অধিনায়ক। বললেন, ‘আজ আমরা চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে এক ধাপ এগিয়ে গিয়েছি। যে সময়ে খেলেছি তাতে গরমের কারণে খেলাটা কঠিন ছিল। কিন্তু দল ভালোভাবেই প্রতিক্রিয়া দেখিয়েছে। আমাদের সামনে যা আছে তার আগে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’