ইউরোপার আশায় মরিনহোর টটেনহ্যাম

আপডেট : ২০ জুলাই ২০২০, ২১:৪৩

স্পোর্টস ডেস্ক

কোচিং ক্যারিয়ারে দুইবার ইউরোপা লিগে খেলেছে হোসে মরিনহোর দল। পোর্তো আর ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে দুইবারই শিরোপা জিতেছিলেন। টটেনহ্যাম প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে ৩-০ ব্যবধানে হারানোয় ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ইউরোপায় খেলার সম্ভাবনা টিকে থাকলো মরিনহোর।

ইউরোপায় খেলতে হলে জিততে হবে দুটো ম্যাচেই, তাকিয়ে থাকতে হবে উলভারহ্যাম্পটনের ফলাফলের দিকেও; লেস্টারের মুখোমুখি হওয়ার আগে টটেনহ্যামের সামনে সমীকরণটা ছিল এমন। ম্যাচে শুরুতেই প্রতিপক্ষ ডিফেন্ডার জেমস জাস্টিনের আত্মঘাতী গোল এগিয়ে দেয় মরিনহোর শিষ্যদের। এরপর হ্যারি কেইনের জোড়া গোল নিশ্চিতই করে দলটির জয়। এর ফলে উলভারহ্যাম্পটন উলভসের চেয়ে এক ম্যাচ বেশি খেলে দুই পয়েন্টে এগিয়ে গিয়েছে স্পার্সরা। তাদের সংগ্রহ এখন ৫৮ পয়েন্ট।

ইউরোপায় জায়গা করে নিতে আগামী ২৬ জুলাই প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে এখন ক্রিস্টাল প্যালেসকে হারাতে হবে তাদের। আর এক ম্যাচ কম খেলে সপ্তম স্থানে থাকা উলভস যদি শেষ দুই ম্যাচের একটিতে পয়েন্ট হারায় তাহলে সরাসরিই ইউরোপায় খেলবে টটেনহ্যাম।

উলভসের পয়েন্ট না হারালেও অবশ্য ইউরোপায় খেলা সম্ভব মরিনহোর শিষ্যদের। সেক্ষেত্রে এফএ কাপের ফাইনালে চেলসিকে জিততে হবে আর্সেনালের বিপক্ষে। তাহলেই সপ্তম দল হিসেবে ইউরোপায় খেলবে মরিনহোর দল।