ইত্তেফাক রিপোর্ট
তৈরি পোশাক খাতে সরাসরি বিদেশি বিনিয়োগকে বরাবরই নিরুত্সাহিত করে আসছেন দেশীয় পোশাকশিল্পের মালিকেরা। গতকাল এক আলোচনায় পলিসি রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, পোশাক খাতে বিদেশি বিনিয়োগে বাধা দিচ্ছে বিজিএমইএ। এটা তাদের ভুল সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের কারণে দীর্ঘ মেয়াদে পোশাক খাত লাভবান হবে না বরং এই খাতে বিনিয়োগ এলে আরো বিনিয়োগের সুযোগ তৈরি হবে। প্রযুক্তি হস্তান্তরের সুযোগ তৈরি হবে। বিজিএমইএর নতুন নেতৃত্ব অনেক বেশি স্বচ্ছ উল্লেখ করে তারা এ বিষয়গুলো ভালোভাবে বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। বিশ্বব্যাপী কোভিড-১৯-এর সংক্রমণ এবং অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে করণীয় নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ফ্রান্স বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিআইএফবি) এবং পিআরআই যৌথভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঐ সভার আয়োজন করে। এতে বক্তব্য দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন প্রমুখ।
