পাঁচ কার্যদিবস পর ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

আপডেট : ২০ জুলাই ২০২০, ২১:৫১

ইত্তেফাক রিপোর্ট

টানা পাঁচ কার্যদিবসে পতনের পর গতকাল সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে। একই সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে লেনদেন কমেছে সিএসইতে।

গতকাল লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ ৫ পয়েন্ট বেড়ে ৯৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ২১টির। ১৯৬টির দাম অপরিবর্তিত রয়েছে। এর মাধ্যমে পাঁচ কার্যদিবস পর ডিএসইতে শতাধিক প্রতিষ্ঠানের দাম বাড়ল।

সূচকের এই উত্থানের দিনে ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ২৪০ কোটি ৪৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৩৪ কোটি ৪৪ লাখ টাকা। এই হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৬ কোটি ৩ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোনের শেয়ারে। কোম্পানিটির ১২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৯ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৭ কোটি ৪৫ লাখ টাকা লেনদেনের মাধ্যমে এর পরের স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, নাহি অ্যালুমিনিয়াম, সোনার বাংলা ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবলস, বিকন ফার্মাসিউটিক্যালস ও ইসলামী ব্যাংক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ৬ কোটি ২৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ১৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১টির।