ইত্তেফাক রিপোর্ট
বাড়তি নিরাপত্তা যুক্ত করা হয়েছে ১০০০ টাকা মূল্যমান নোটে। রং পরিবর্তনশীল হলোগ্রাফিক নিরাপত্তা সুতা সংযোজন করে সোমবার থেকে এই মুদ্রা বাজারে ছাড়া হয়েছে। নোটের বাকি ডিজাইন অপরিবর্তিত রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নিরাপত্তা সুতাটি ইতিপূর্বে প্রচলনে থাকা নোটের নিরাপত্তা সুতা অপেক্ষা উন্নততর যা নোট জালকরণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। বিদ্যমান ১০০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের রং এবং ডিজাইন অপরিবর্তিত রেখে শুধু নোটের সম্মুখভাগে বামপাশের নিরাপত্তা সুতাটি পরিবর্তন করা হয়েছে। নতুন এ নিরাপত্তা সুতাটি ৫ মিলিমিটার প্রশস্ত এবং নোটে নিরাপত্তা সুতার চারটি অংশ (উইন্ডো) দৃশ্যমান থাকবে। ৫ মিলিমিটার প্রশস্ত নতুন এ নিরাপত্তা সুতায় ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ এবং ‘১০০০ টাকা’ খচিত রয়েছে।
নতুন নিরাপত্তা সুতাটি নখের আঁচড়ে বা মুচড়িয়ে সহজে ওঠানো সম্ভব হবে না, নোটটি কাত করলে নিরাপত্তা সুতার রং সোনালি থেকে হালকা সবুজ ও গাঢ় সবুজ রঙে পরিবর্তিত হবে এবং উজ্জ্বল রংধনুর রঙের বারে রূপান্তরিত হয়ে ওপর থেকে নিচে চলতে দেখা যাবে। নোটের রং, ডিজাইন ও অন্য সব নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, ওভিআই কালিতে লেখা ‘১০০০’, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য পাঁচটি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা, লুকানো ছাপা, নোটের পেছনের দিকে ইরিডিসেন্ট স্ট্রাইপ ইত্যাদি) অপরিবর্তিত রয়েছে। প্রচলনে দেওয়া নতুন এই নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০০০ টাকা মূল্যমানের অন্য নোটসমূহ (শহিদ মিনার ও কার্জন হলের ছবিসংবলিত হালকা লাল রঙের নোট এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত হালকা বেগুনি রঙের নোট) বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপত্ চালু থাকবে বলে জানানো হয়েছে।
