প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করে হত্যার ঘটনায় দায়ের করা মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিকার চেয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংবাদ সম্মেলন করেছে বাদীর পরিবার। শনিবার সকালে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা আসামিদের ভয়ে পালিয়ে এসে গোবিন্দগঞ্জ প্রেসক্লাবে সংবাদ করে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মামলার বাদী রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে শাহজাহান আলীর পক্ষে তার মেয়ে রাজিয়া সুলতানা শান্তা।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ২০১৬ সালের ১৪ জুন শ্াহজাহান আলীর প্রথম শ্রেণি পড়ুয়া মেয়ে তানজিলা খাতুন চুমকি বাগানে খেলা করার সময় ওই গ্রামের মমিন প্রধানের ছেলে রিয়াদ প্রধান তাকে ধর্ষণ করে। এরপর সহযোগীদের সহায়তায় শ্বাসরোধ করে তাকে হত্যা করে। এ ঘটনায় হত্যাকারীদের ফাঁসির দাবিতে পীরগঞ্জের সর্বস্তরের মানুষ মানববন্ধন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি পালন করে। পরবর্তীতে গতবছরের ১২ ডিসেম্বর আসামিরা জামিন পেয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি প্রদান করতে থাকে। এই বিষয়ে পীরগঞ্জ থানায় ১ জানুয়ারি সাধারণ ডায়েরি করা হয়। এরপরও রিয়াদ ও তাদের সহযোগীরা মামলা তুলে নেওয়ার হুমকি প্রদান অব্যাহত রাখে। তাই এ বিষয়ে প্রতিকার ও নিরাপত্তা চেয়ে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।
পীরগঞ্জ থেকে কেন গোবিন্দগঞ্জে সংবাদ সম্মেলন করা হলো এই প্রশ্নের জবাবে শাহজাহান আলী জানান, রিয়াদ ও তাদের সহযোগীরা প্রভাবশালী হওয়ার নিরাপত্তার শঙ্কায় তারা গোবিন্দগঞ্জে সংবাদ সম্মেলন করছেন।
