লোহাগড়ায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধাকে গলাকেটে হত্যা

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২১:৩৫

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

লোহাগড়ার বাগডাঙ্গা-সারোল গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক শতবর্ষী বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত শতবর্ষী বৃদ্ধা বড়ু বিবি বাগডাঙ্গা-সারোল গ্রামের মৃত আমির হোসেন খানের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার দিঘলিয়া ইউপির বাগডাঙ্গা-সারোল গ্রামের মৃত আমির হোসেন খানের ছেলে লোকমান খানের সাথে দুই একর জমি নিয়ে প্রতিবেশী নাজমুল মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলে আসছিল। এর জের ধরে গত শুক্রবার ভোররাতে একদল দুর্বৃত্ত লোকমান খানের মা শতবর্ষী বৃদ্ধা বড়ুবিবিকে (১০৫) ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে।

শনিবার ভোরে খবর পেয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেছে। নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ শরফুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর বিশ্বাস বলেন, বৃদ্ধা খুনের ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।