আর কত হাসপাতালে জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেউ জানে না

আপডেট : ২১ জুলাই ২০২০, ০০:১৮

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শক্তিশালী গণতন্ত্র না থাকলে সমাজে সাহেদ-সাবরিনার মতো প্রতারকদের উত্থান হবেই। তিনি বলেন, হঠাত্ করে করোনা পরীক্ষার সংখ্যা কমে গেল কেন? আমরা তো হাতেগোনা দুই একটা হাসপাতালের প্রতারণার কথা শুনছি। কিন্তু এ রকম আরো যে কত হাসপাতালে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে তা কে জানে। করোনা আক্রান্ত মানুষকে যদি নেগেটিভ সার্টিফিকেট দেওয়া হয়, আর যার করোনা হয়নি তাকে যদি পজিটিভ সার্টিফিকেট দেওয়া হয়, তাহলে বুঝতে কষ্ট হয় না সাহেদ-সাবরিনার মতো মানুষদের নৈতিক মূল্যবোধ কোথায় নেমেছে। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মত্সজীবী দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রিজভী আরো বলেন, মানুষ আজ নানা কারণে আতঙ্কিত। তার ওপর যদি হাসপাতাল থেকে ভুয়া সার্টিফিকেট পায় তাহলে করোনা পরীক্ষার জন্য সেখানে কেন যাবে? কয়েক দিন ধরে করোনা পরীক্ষার সংখ্যা কমে গেছে। কারণ, করোনা না থাকলেও যদি পজিটিভ সার্টিফিকেট দেওয়া হয়, তাহলে তার মানসিক অবস্থার কথা বুঝতে কষ্ট হওয়ার কথা নয়।

বাংলাদেশের জলসীমায় ভারতের জেলেরা যত্রতত্র ঢুকে পড়ছে অভিযোগ করে তিনি বলেন, আমার দেশের সীমানায় ঢুকে যদি অন্য দেশের লোকেরা মাছ ধরে নিয়ে যায়, তাহলে আমার দেশের সার্বভৌমত্ব কোথায়? আমার মাছ আমি খেতে পারব না, অন্য দেশ এসে ধরে নিয়ে যাবে—এটা তো হতে পারে না। এ ব্যাপারে নীরব থাকলে চলবে না। সরকারকেই কথা বলতে হবে।