সীমান্ত নিয়ে ভারত ও চীনের সংঘাতের মাঝে চলতি সপ্তাহে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ভারতীয় যুদ্ধজাহাজগুলোর সঙ্গে যৌথ নৌ-মহড়া দিচ্ছে আমেরিকার নেভি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, যার নেতৃত্বে মার্কিন রণতরী ইউএসএস নিমিটজ। খবর হিন্দুস্তান টাইমসের
গতকাল এর সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, ভারতীয় নৌ বাহিনীর ইস্টার্ন ফ্লিট আপাতত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মহড়ায় ব্যস্ত রয়েছে। অন্যদিকে মালাক্কা প্রণালীর মধ্যে দিয়ে যাত্রা করে বর্তমানে পারস্য উপসাগরের দিকে রওনা দিয়েছে মার্কিন রণপোত বাহিনী। চলতি সপ্তাহের শেষ দিকে দুই দেশের নৌবাহিনী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে যৌথ মহড়া শুরু করবে। উল্লেখ্য, ভারতের মূল ভূখ্ল থেকে ১২০০ কি.মি দূরে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাত্র ৩৫০ কি.মি দূরে মালাক্কা প্রণালী দিয়ে চীনের তেল আমদানিকারী জাহাজগুলি যাত্রা করে। পরমাণু শক্তি চালিত ইউএসএস নিমিটজ বিশ্বের অন্যতম বৃহত্তম যুদ্ধজাহাজ। সম্প্রতি দক্ষিণ চীন উপসাগরে টহলদারি সেরে জাহাজটি ফিরছে বলে জানা গেছে। ঐ টহলদারি অভিযানে অংশগ্রহণ করেছিল ইউএসএস রোনাল্ড রিগ্যান যুদ্ধজাহাজের নেতৃত্বে থাকা আরো একটি মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ।
