চলতি বর্ষায় নাটোর জেলার সিংড়া উপজেলায় চলনবিল অধ্যুষিত আনন্দনগর, কৃষ্ণনগর ও বিলদহরসহ আশেপাশের বেশ কয়েকটি গ্রাম বন্যার পানিতে ভেসে গেছে, তার ওপরে গ্রামগুলো পড়েছে ভাঙনের কবলে। বাঁশের তৈরি নড়বড়ে সেতু যাতায়াতের একমাত্র উপায়। আনন্দনগর ও কৃষ্ণনগর গ্রামের মাঝবর্তী স্থানে বাঁধ নির্মাণ করা হলে মূল নদীর স্রোতপ্রবাহ গতিপথ পরিবর্তন করে সম্মুখগামী হবে। এতে গ্রামগুলো ভাঙনের শিকার হবে না। অল্প বন্যায় তলিয়ে যাওয়ারও আশঙ্কা থাকবে না। তবে বাঁধ নির্মাণে বাধা দেওয়ার মতো ঘটনা নাকি এর আগে ঘটেছে। যার কারণে ব্রিজ বা রাবার ড্রাম নির্মাণ করা যেতে পারে। অনেকে মনে করেন, বিলদহর বাজার থেকে ব্রিজ হয়ে কৃষ্ণনগর ও আনন্দনগরের ভেতর দিয়ে ডাহিয়া পর্যন্ত নদীরক্ষা বাঁধ নির্মাণ করা হলে চলনবিলে পর্যটনের একটা সম্ভবনা আছে। পরিশেষে, নদীভাঙন ও বন্যাকবলিত এই এলাকার দিকে নজর দিতে যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
মোহাম্মদ অংকন
উত্তর, ঢাকা
