শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
বর্ষার শুরু থেকেই শাহজাদপুরে ছাতার কারিগররা ব্যস্ত সময় পার করছেন। শাহজাদপুরের পৌরসদর দারিয়াপুর, মনিরামপুর, বাঘাবাড়ী, তালগাছি, জামিরতা, কৈজুরী খুকনি হাটবাজার ঘুরে দেখা গেছে, ছাতার কারিগরদের ব্যস্ততা। এছাড়াও গ্রাম ঘুরে ঘুরে ছাতা মেরামতের কাজ করছেন তারা। দারিয়াপুর গ্রামের ছাতার কারিগর শাহজাহান আলী ও মনিরামপুর গ্রামের হবিবর রহমান জানান, ১৫/২০ বছর ধরে তারা এ পেশার সঙ্গে জড়িত আছেন। বছরের ছয় মাস জীবিকানির্বাহ করেন। প্রতিদিন ছাতা তৈরি ও মেরামত করে যে টাকা আয় হয় তা দিয়ে কোনোমতে চলে সংসার। কোনো দিন ৩০০ কিংবা ৪০০ টাকা আয় করে তাই দিয়ে মানবেতর জীবনযাপন করেন। কোনো কোনো দিন এর চেয়ে অনেক কম হয়ে থাকে। অপর ছাতার কারিগর আব্দুস সালাম জানান, তিনি গত ১০ বছর ধরে এ পেশার সঙ্গে জড়িত আছেন। বর্ষা মৌসুমে তাদের আয় বেশি হতো। কিন্তু এবার করোনার কারণে ফুটপাতে দোকানপাট বন্ধ থাকায় ছাতা মেরামত করে বাড়তি আয়ের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বাডাবিল গ্রামের কৃষক আব্দুস সাত্তার জানান, বর্ষা মৌসুমে ছাতা ছাড়া ঘরের বাইরে যাওয়া যায় না। তাই ঘরে পড়ে থাকা ভাঙা ছাতাটি মেরামত করতে এসেছেন। যমুনা পাড়ের গৃহিণী শাপলা বেগম জানান, একটি ছাতা ২০০ টাকা দিয়ে কিনে এক বছরের বেশি সময় ব্যবহার করা যায় না। ফলে বর্ষায় নতুন ছাতা কিনতে এসেছেন।
