ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
এখন পাট কাটার মৌসুম। কেউ পাট কেটে নদী, খাল, পুকুর, বিল ও ডোবায় জাগ দিচ্ছেন, কেউ বা আবার ব্যস্ত সময় পার করছেন আঁশ ছাড়াতে। রাস্তার দুই ধারে ও বাড়ির উঠানে বাঁশের আড়ে চলছে যথাক্রমে পাটের আঁশ ছাড়ানো ও শুকানোর কাজ। হাটবাজারে পাট বিক্রির জন্য প্রস্তুতিও নিচ্ছেন চাষিরা। তবে পাটের বাজার দর ভালো গেলে লাভের আশা করছেন উপজেলার পাটচাষিরা। উপজেলার মাইলাগী গ্রামের রাস্তার দুই পাশে এবং সংলগ্ন বিল ও ডোবায় নারী-পুরুষ মিলে পাট পচানো ও আঁশ ছাড়ানোর কাজ করেন প্রতিদিন। আঁশ ছাড়ানোর কাজে নিয়োজিত রহিমা জানান, এ কাজে পুরুষের মজুরি বেশি। তাদের ৬০০ টাকা আর আমাদের ৫০০ টাকা। ফুলজান জানান, তিনি পাটকাঠি নেওয়ার শর্তে আঁশ ছাড়ানোর কাজ করছেন।
