বিশেষ প্রতিনিধি
শুধু সিদ্ধান্তহীনতায় বিএনপির সময় ঘূর্ণিঝড়ে অনেক মানুষ মারা গেছে এবং বিপুল সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, ‘বন্যা-দুর্যোগ মোকাবিলায় নিজেরা কী করেছেন, সেই চেহারাটা ভালোভাবে আয়নায় দেখুন। শুধু সিদ্ধান্তের অভাবে তাদের আমলে ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে লাখ লাখ প্রাণ ও বিপুল সম্পদহানিসহ বিমান বাহিনীর এক ডজনেরও বেশি বিমান চট্টগ্রাম বিমানবন্দর থেকে না সরানোর কারণে ধ্বংস হয়েছে।’ গতকাল সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকরা সরকারের বন্যা মোকাবিলার বিষয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বিরূপ মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
