যুক্তরাষ্ট্রে মাস্ক নিয়ে বিতর্ক কী শেষ হয়ে গেল! প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ক না পরার পক্ষেই ছিলেন এবং তিনি পরতেনও না। অনেক সমালোচনার পর তিনি মাস্ক পরা শুরু করেছেন। আর এবার সেই প্রেসিডেন্ট ট্রাম্পই বলেছেন, মাস্ক পরা হচ্ছে দেশপ্রেম এবং আমার মতো দেশপ্রেমিক আর কেউ নেই। খবর বোস্টন গ্লোবের
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার টুইটার বার্তায় মাস্ক পরা একটি ছবি প্রকাশ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, অদৃশ্য চীনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় না রাখলে মাস্ক পরাটা দেশপ্রেম। আপনাদের প্রিয় প্রেসিডেন্ট আমার চেয়ে দেশপ্রেমিক আরো কেউ দেশে নেই। এই পোস্টের সঙ্গে ট্রাম্প নিজের যে মাস্ক পরা ছবিটি দিয়েছেন সেটি চলতি মাসের শুরুতে ওয়াশিংটন ডিসির ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে তোলা। সেদিনই প্রথমবারের মতো মাস্ক পরে জনসম্মুখে এসেছিলেন তিনি।
