অর্ধশত বছর আগের গাড়ির মূল্য ৩৩ কোটি টাকা!

আপডেট : ২১ জুলাই ২০২০, ২২:৪৯

ইত্তেফাক ডেস্ক

বর্তমান যুগে কোটি টাকা দামের অনেক গাড়ি রয়েছে। কোটি টাকা খরচ করে কেউ গাড়ি কিনতে গেলে তাতে সর্বাধুনিক সব প্রযুক্তির সমাহার চাইবেন ক্রেতা। কিন্তু এবার এক ব্যক্তি পৌনে ৩৩ কোটি টাকা দিয়ে কিনেছেন অর্ধশত বছর আগের একটি গাড়ি! ১৯৬৫ ফোর্ড মুসট্যাঙ সেলবি জিটি৩৫০আর মডেলের গাড়িটিকে রেকর্ড দামে কিনতে হয়েছে তাও নিলামে। ৫৫ বছর আগের পুরোনো একটি গাড়ি এত দামে বিক্রি হওয়ার কারণ গাড়িটির ঐতিহাসিক মর্যাদা।

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসে অনুষ্ঠিত নিলামে গাড়িটি কিনতে হাজির হয়েছিলেন বিশ্বের নামিদামি অনেক দেশের  ব্যবসায়ী। কিন্তু পরিচয় প্রকাশ না করা এক মার্কিন ব্যবসায়ী সবাইকে টেক্কা দিয়ে গাড়িটি কিনে নিয়েছেন। ষাটের দশকে প্রতিযোগিতার জন্য তৈরি করা হয়েছিল গাড়িটি। প্রথমবার প্রতিযোগিতায় অংশ নিয়েই গাড়িটি নামের প্রতি সুবিচার করেছিল। এর পর গাড়িটি ব্যবহূত হয়েছে হলিউডের বেশ কয়েকটি নামকরা চলচ্চিত্রে। এর আগে গাড়িটি শৌখিন গাড়ি সংগ্রাহক জন আটজবাচের সংগ্রহ ছিল। অনেক বছর ধরে তিনি গাড়িটিকে রক্ষণাবেক্ষণ করে রেখেছেন বেশ ভালোভাবেই।—ইউপিআই