সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু

আপডেট : ২১ জুলাই ২০২০, ২৩:০২

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার হাসপাতালের আইসিইউতে তারা মারা যান। মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা শহরের কামালনগরের আব্দুর রহমান (৮০) ও দেবহাটা উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী রহিমা খাতুন (৪৫)।

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সক ডা. ভবতোষ কুমার মণ্ডল জানান, গত ১৪ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন শহরের কামালনগরের আব্দুর রহমান। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। গত ১৫ জুলাই তার নমুনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। এখন পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি। এদিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ১০ জুলাই হাসপাতালের আইসিইউতে ভর্তি হন রহিমা খাতুন। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনিও মারা যান। তারও নমুনা সংগ্রহ করে গত ১১ জুলাই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হলেও এখন পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি। এ নিয়ে সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মারা গেল অন্তত ৩৭ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ১৩ জন।

রাজারহাটে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মৃত্যু

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, রাজারহাটে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। তার লাশ এলাকাবাসী দাফন না করায় কুড়িগ্রাম ইসলামিক ফাউন্ডেশনের দাফন টিম এসে লাশ দাফন সম্পন্ন করেছে।