শিবচরের ছয় বারের সফল সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুুরী বন্যা ও নদীভাঙন কবলিতদের পাশে দাঁড়িয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী জেলা-উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং জনপ্রতিনিধিরা দুর্গত এলাকায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী, ওষুধ ও খাবার স্যালাইন বিতরণ অব্যাহত রেখেছেন। এছাড়া নবাগত জেলা প্রশাসক ড. রহিমা খাতুন সোমবার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বিএম আতাউর রহমান আতাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াছ পাশা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান, মাদবরেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ব্যবসায়ী চৌধুরী সুলতান মাহমুদ, বন্দরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন বেপারী, চরজানাজাত ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাদবরেরচর ইউনিয়নসহ আট ইউনিয়নে প্রায় ৯ হাজারের বেশি মানুষ পানিবন্দি রয়েছে। ২১টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৩ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। নদীভাঙন প্রতিরোধে স্থানীয় সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুুরীর নির্দেশে জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।
