ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) প্রায় ৬৩ কোটি টাকা আত্মাসাত্ ও পাচারের অভিযোগে ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীসহ ছয় জনকে আসামি করে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার কমিশনের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ দুদকের উপসহকারী পরিচালক মো. শাহজাহান মিরাজ বাদী হয়ে মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন—পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী, তার ছেলে বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল হক চিশতী, সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (বরখাস্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার, মো. রেদওয়ানুল কাবির চৌধুরী, বগুড়ার আল-ফারুক ব্যাগস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আল ফারুক ও আল ফারুক ব্যাগস লিমিটেডের পরিচালক নিম্মি কবির চৌধুরী।
দুদক সূত্র জানায়, এই ছয় জন পরস্পর যোগসাজশে ঋণের নামে ফারমার্স ব্যাংকের মতিঝিল শাখা থেকে ৪০ কোটি ৭৯ লাখ ২১ টাকা ঋণ নিয়ে আত্মসাত্ ও পাচার করেছেন। ঐ টাকা ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সুদ ও আসলে ৬২ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার ৬১৯ টাকা দাঁড়িয়েছে।
উল্লেখ্য, বাবুল চিশতী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ নিয়ে মোট সাতটি মামলা করল দুদক।
