ম্যানচেস্টার সিটির ছুটি বাতিল

আপডেট : ২২ জুলাই ২০২০, ২১:৪৯

দুয়ারে চ্যাম্পিয়ন্স লিগ

স্পোর্টস ডেস্ক

ইংলিশ লিগের শিরোপা হাতছাড়া হলেও শেষ বেলা নতুন করে জ্বলে উঠেছে ম্যানচেস্টার সিটি। ওয়াটফোর্ডের বিপক্ষে পেপ গার্দিওলার দল জয় পেয়েছে ৪-০ গোলের বড় ব্যবধানে। আর মঙ্গলবার রাতের এই জয়ের পর কোচ ঘোষণা দিলেন তার নজর এবার চ্যাম্পিয়ন্স লিগের দিকে। আর এই উপলক্ষ্যে খেলোয়াড়দের ছুটিও বাতিল করা হয়েছে।

একই প্রতিপক্ষের বিপক্ষে লিগে প্রথম পর্বে গত সেপ্টেম্বরে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৮-০ গোলে জিতেছিল সিটি। ওয়াটফোর্ডের বিপক্ষে ১২ গোল করে প্রিমিয়ার লিগে এক আসরে কোনো দলের বিপক্ষে সবচেয়ে বেশি গোলের রেকর্ড স্পর্শ করেছে সিটি। ১৯৯৫-৯৬ মৌসুমে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ব্ল্যাকবার্ন রোভার্স ও ২০০৯-১০ মৌসুমে উইগান অ্যাথলেটিকের বিপক্ষে টটেনহ্যাম হটস্পার ১২ গোল পেয়েছিল।

সিটির নজর এবার চ্যাম্পিয়ন্স লিগের দিকে। আগামী আট আগস্ট ইউরোপিয়ান এই আসরে তাদের প্রতিপক্ষ স্বয়ং রিয়াল মাদ্রিদ। ম্যাচটিকে নিয়ে সিরিয়াস গার্দিওলা বলেন, ‘আমাদের মনোযোগ এখন চ্যাম্পিয়ন্স লিগে। সেই লক্ষ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলোকে আমরা নিজেদের প্রস্তুতি হিসেবে দেখছি। এরপর খেলোয়াড়দের ছুটি পাওয়ার কথা থাকলেও এবার বৃহত্তর স্বার্থে সেই ছুটি বাতিল করা হয়েছে।’

গত শনিবার আর্সেনালের কাছে হেরে এফএ কাপ থেকে বিদায় নিয়েছে সিটি। গার্দিওলা জানেন, আগামী দুই ম্যাচের একাদশে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে নিজেদের শক্তিমত্তাগুলো পর্যালোচনা করতে চান তিনি। বললেন, ‘আমাদের সেরা কম্বিনেশনটা আমরা জানি। তবে, এমন বড় ম্যাচের আগে আমাদের আরো কিছু অস্ত্রও প্রস্তুত করে রাখতে হবে। তাই, আগামী দুটো ম্যাচে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা আমরা করতে চাই।’

মঙ্গলবার রাতের অপর ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে হেরেছে আর্সেনাল। গত সেপ্টেম্বরে লিগের প্রথম বারের দেখায় এমিরেটস স্টেডিয়ামে ৩-২ গোলে জিতেছিল তারা। সম্প্রতি লিভারপুল ও সিটির মতো দলকে হারালেও এবার তুলনামূলক ছোট দলের বিপক্ষে হারল তারা।

জানিয়ে রাখা ভালো, কোয়ার্টার ফাইনালের আগে দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগগুলো সূচি অনুসারে নিজেদের মাঠেই খেলতে পারবে দলগুলো। ফাইনাল এইট বা চ্যাম্পিয়ন্স লিগের খুদে আসর শুরু হবে ১২ আগস্ট। কোয়ার্টার আর  সেমিফাইনাল হবে লিসবনে। ২৩ আগস্টের ফাইনালের জন্যে নির্ধারণ করা হয়েছে এস্তাদিও দো স্পোর্ত লিসবোয়া বেনফিকাকে।

এক নজরে

কোয়া. ফাইনাল-১   সিটি/রিয়াল-জুভেন্তাস/লিওঁ

কোয়া. ফাইনাল-২   লাইপজিগ-অ্যাট. মাদ্রিদ

কোয়া. ফাইনাল-৩   বার্সা/ন্যাপোলি-বায়ার্ন/চেলসি

কোয়া. ফাইনাল-৪   আটালান্তা-পিএসজি

সেমি  ফাইনাল-১    কোয়া. ফাইনাল ১ ও ৩ জয়ী

সেমি  ফাইনাল-২    কোয়া. ফাইনাল ২ ও ৪ জয়ী