চরফ্যাশনে ঘরচাপায় দুই শিশু সন্তানসহ মায়ের মৃত্যু

আপডেট : ২২ জুলাই ২০২০, ২২:০৬

 

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা

ভোলার চরফ্যাশনে ঝড়ে বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে একই পরিবারের মা ও দুই ছেলেসহ তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টায় উপজেলার চরমানিকা ইউনিয়নের চর কচ্চপিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—মত্স্যজীবী হানিফ পাটোয়ারীর স্ত্রী রিংকু বেগম (৩০) এবং তার দুই শিশু পুত্র জোনায়েদ (৭) এবং  তানজিদ (৪)।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ জানান, মঙ্গলবার রাতে দুই সন্তান নিয়ে রিংকু বেগম ঘুমিয়ে ছিলেন। এ সময় কচ্ছপিয়া এলাকায় আকস্মিক টর্নেডো ঝড়ে তাদের ঘরটি বিধ্বস্ত হয়। এতে ঘরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা-ছেলেসহ তিন জনের মৃত্যু হয়।

পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায়  থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এদিকে ঘর চাপায় একই পরিবারের তিন জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।