রুখে দাঁড়াল আফগান কিশোরী
বিবিসি
বাবা-মার হত্যাকারী তালেবান জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ‘বীর’ হিসেবে প্রশংসা পেয়েছেন আফগানিস্তানের এক কিশোরী। একে-৪৭ রাইফেলটি হাতে কিশোরীটির একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ঐ কিশোরীর বাবা সরকার সমর্থক হওয়ায় তালেবান জঙ্গিরা তাদের বাড়িতে হামলা চালিয়েছিল। গত সপ্তাহে ঘটনাটি ঘটেছে বলে দেশটির ঘোর প্রদেশের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। তারা জানান, হামলার এক পর্যায়ে ঐ কিশোরী তাদের পরিবারের একে-৪৭ রাইফেলটি তুলে নেয়, গুলি করে দুই জঙ্গিকে হত্যা করে ও আরো বেশ কয়েক জনকে আহত করে। পরে আরো অনেক জঙ্গি গ্রিওয়া গ্রামের ঐ বাড়িতে হামলা চালানোর জন্য হাজির হয়। কিন্তু গ্রামবাসী ও সরকারপন্থি মিলিশিয়াদের প্রতিরোধের মুখে তারা পিছু হটে।
স্থানীয় সংবাদমাধ্যমের ভাষ্য অনুযায়ী, ঘোর আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের অন্যতম অনুন্নত প্রদেশ। এখানে নারীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা বেশি। কর্মকর্তারা জানান, ঐ কিশোরী ও তার ছোট ভাইকে অপেক্ষাকৃত নিরাপদ একটি স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কিশোরীর বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে হবে বলে ধারণা তাদের। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ঐ কিশোরীর ব্যাপক প্রশংসা করেছেন। ফেসবুকে ব্যবহারকারী নাজিবা রাহমি নামের একজন বলেন, ‘সাহসের জন্য তাকে সালাম।’ মোহাম্মদ সালেহ লিখেন, ‘মা-বাবার স্থান কেউ পূরণ করতে পারবে না, কিন্তু এ প্রতিশোধ আপনাকে কিছুটা শান্তি দিবে।’
