চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ভূ-প্রকৃতিগতভাবে চট্টগ্রাম হচ্ছে একটি প্রাকৃতিক জনপদ। প্রায় ৭০ লাখ জনঅধ্যুষিত এই জনপদের কল্যাণ ও উন্নয়নে আমি আমার সামর্থ্য উজাড় করে দিয়েছি। নগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা, তা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কিছু মেগা প্রকল্প সংযু্ক্ত হয়েছে। এগুলো বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। তবে জলাবদ্ধতা নিরসনে সিডিএ, পানি উন্নয়ন বোর্ড ও ওয়াসাসহ যে সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে তার পারস্পরিক সমন্বয় প্রয়োজন।
তিনি গতকাল বুধবার সকালে শুলকবহর ওয়ার্ডস্থ নাছিরাবাদ হাউজিং সোসাইটির ৪ ও ৫ নম্বর সংযোগ সড়কে ব্রিজ নির্মাণকাজ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অভ্যন্তরীণ উন্নয়নকৃত রাস্তা ও দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ৪র্থ প্রকল্পের মাটি ভরাট কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের এ নগরীর ওপর প্রবাহিত ৩৬টি খাল পানি নিষ্কাশনের প্রধান নির্গমন পথ। এ নগরীতে যেগুলো পাহাড় পরিবেষ্টিত এলাকা রয়েছে তা থেকে যে মাটি নিচে নেমে আসে তার ফলে পানি নিষ্কাশন পথ বাধাগ্রস্ত হচ্ছে। এজন্য একটি সঠিক পরিকল্পনা আগেই গ্রহণ করা উচিত ছিল। তবে এখন যা হয়েছে তার বাস্তবায়ন যদি সম্ভবপর হয় তাহলে একজন জনপ্রতিনিধি হিসেবে আমি সমন্বয়ের ওপরেই গুরুত্ব দিই। মেয়র প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের নির্দেশ দেন।
এ সময় কাউন্সিলর মোরশেদ আলম, মহিলা কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, চসিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কামরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো.আবু সিদ্দিক, সহকারী প্রকৌশলী মিসবা উল আলম প্রমুখ উপস্থিত ছিলেন ।
