এনআরবি ব্যাংক থেকে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ও এনআরবি ব্যাংকের কর্মকর্তাসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের সহকারী পরিচালক মো. সিরাজুল হক বাদি হয়ে কমিশনের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলায় যে পাঁচ জনকে আসামি করা হয়েছে তারা হলেন, রিজেন্ট হাসপাতালের স্বত্বাধিকারী ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম, রিজেন্ট হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খলিল, এনআরবি ব্যাংক লিমিটেডের এসই ব্যাংকিং শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার মো. সোহানুর রহমান ও এনআরবি ব্যাংক লিমিটেডের এসই ব্যাংকিং শাখার ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ বিন আহমেদ।
মামলার এহজারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে ক্ষমতার অপব্যবহারপূর্বক অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে এনআরবি ব্যাংক লিমিটেড থেকে ২০১৪ সালের নভেম্বর হতে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত সুদসহ ১ কোটি ৫১ লাখ ৮১ হাজার ৩৬৫ টাকা আত্মসাত্ করেন। দুদকের প্রতিবেদনে বলা হয়, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ ২০১৪ সালের ১৭ নভেম্বর এনআরবি ব্যাংকে একটি চলতি হিসাব চালু করেন। ঐ সময় ব্যাংকটি তার কাছ থেকে কোনো টাকা জমা গ্রহণ করেনি। অপর দিকে হিসাব খোলার এক দিন আগেই মানে ১৬ নভেম্বর ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ বিন আহমেদ ও প্রিন্সিপাল অফিসার সোহানুর রহমান উভয়ে এসএমই ব্যাংকিং ঋণ মঞ্জুরির জন্য সুপারিশ প্রেরণ করেন। পরে দেখা যায় মো. সাহেদ অসত্ উদ্দেশ্যে ব্যাংকের টাকা আত্মসাতের জন্য ঋণ গ্রহণ করেছিলেন।
