রাজধানীর কলাবাগান থানাধীন হাতিরপুলে নিজ বাসায় চিকিত্সক দম্পতি দগ্ধ হয়েছেন। তারা হলেন ডা. রাজীব ভট্টাচার্য (৩৭) ও তার স্ত্রী ডা. অনুষা ভট্টাচার্য (৩২)। গতকাল বুধবার ভোরে তাদের আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বার্ন ইউনিটের আবাসিক চিকিত্সক ডা. পার্থ শংকর পাল জানিয়েছেন, চিকিত্সক ডা. রাজীবের শরীরের ৮৭ শতাংশ, তার স্ত্রী ডা. অনুষা ভট্টাচার্যর ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুই জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তারা চিকিত্সাধীন রয়েছেন। ডা. রাজীব ভট্টাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরো সার্জারি বিভাগের চিকিত্সক ও তার স্ত্রী ডা. অনুষা ভট্টাচার্য শ্যামলী সেন্ট্রাল মেডিক্যালে চক্ষু বিভাগের রেজিস্টার।
দগ্ধ রাজীবের চাচাতো বোন তপু ভট্টাচার্য জানান, ‘আমরা শুনেছি রাজীব ভট্টাচার্য পরিবার নিয়ে কলাবাগান থানাধীন হাতিরপুলে একটি বাসায় ভাড়া থাকেন। রাতে রাজীব ভাই একটি বোতল থেকে হ্যান্ড স্যানিটাইজার অন্য বোতলে ঢালার সময় মশার কয়েলের ওপর পড়ে এবং দ্রুত অগ্নিদগ্ধ হন। তার চিত্কারে ভাবি এসে আগুন নেভাতে গেলে তিনিও দগ্ধ হন।’
