৯ বছর পর একসঙ্গে তিন সন্তান 

আপডেট : ২৩ জুলাই ২০২০, ১৮:৪৭

দীর্ঘ নয় বছর পর একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন ঢাকার নবাবগঞ্জের জলি নামে এক গৃহবধূ। সোমবার সকালে রাজধানীর মগবাজারের রাশমনো স্পেশালাইজড হাসপাতালে সিজারের মাধ্যমে তাদের জন্ম হয়।

ওই গৃহবধূ নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের কুমিল্লি গ্রামের পলাশ সরকারের স্ত্রী।

জলির বড় ভাই ডা. মিঠুন মন্ডল জানান, গত ২০ জুলাই তার বোন জলি সরকারকে ঢাকার মগবাজারের রাশমনো স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। ঐ হাসপাতালের চিকিৎসক ডা. রনজিৎ বিশ্বাসের তত্ত্বাবধানে ছিলেন জলি। সোমবার সকাল সাড়ে ১০টায় সিজারের মাধ্যমে দুই ছেলে ও এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

ডা. মিঠুন মন্ডল আরো জানান, ৯ বছর আগে পলাশ সরকারের সাথে তার বোন জলি সরকারের বিয়ে হয়। এতদিন পলাশ ও জলি দম্পত্তির কোন সন্তান হয়নি। এতদিন পর এক সঙ্গে তিন সন্তান হওয়াতে খুশি তারা। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল থেকে সন্তানসহ বাড়ি ফিরেছেন জলি। মা ও তিন নবজাতকরা সুস্থ রয়েছে। আর এই খুশির সংবাদে জলির দুই পরিবারের মধ্যে আনন্দের বন্যা বইছে।


ইত্তেফাক/আরকেজি