গত বছরের বাজেট হতে ২০ কোটি টাকার অর্ধেক ১০ কোটি টাকা বাফুফে পেলেও অবশিষ্ট ১০ কোটি টাকা পাচ্ছিল না। বাফুফের কাছে জানতে চাওয়া হয়েছিল তারা বাকি অর্থ কোন খাতে খরচ করবে। সেটির একটি পরিকল্পনা দিতে বলেছিল। বাফুফে সেই পরিকল্পনা দেওয়ার পর এখনো ১০ কোটি টাকা পায়নি। গতকাল এ বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের কাছে প্রশ্ন উঠলে তিনি জানিয়েছেন বাফুফে টাকা পাবে। প্রতিমন্ত্রী বলেন, ‘বাফুফে একটা পরিকল্পনা পাঠিয়েছে। তারা কোন খাতে টাকাটা খরচ করবে সেই প্রস্তাবনা এরইমধ্যে দিয়েছে। অর্থ মন্ত্রণালয়েরও কিছু কোয়ারিজ রয়েছে। এটা হয়ে গেলেই আমরা কয়েক দিনের মধ্যে ১০ কোটি টাকার ছাড় দেব।’
