প্রধানমন্ত্রী আরো ১০ কোটি টাকা অনুদান দিলেন

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২০:২৭

ক্রীড়াঙ্গনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় হাত বাড়িয়েছেন। খেলাধুলা পরিবারে জন্ম তাই খেলাধুলার মানুষের প্রতি তার মমতা অকৃত্রিম। করোনা ভাইরাসের কারণে ক্রীড়াঙ্গনের অনেক মানুষ খুব কষ্ট করে দিন কাটাচ্ছিলেন। তাদের জন্য প্রথম ধাপে ৩ কোটি টাকা পাঠিয়েছিলেন। এবার পাঠালেন আরো ১০ কোটি টাকা। ক্রীড়া মন্ত্রণালয় সূত্র জানিয়েছে কয়েক দিন আগে তারা টাকা পেয়েছে। বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনে টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে এই টাকা এফডিআর করা হবে। সেখান থেকে প্রাপ্ত লভ্যাংশ বিতরণ করা হবে তৃণমূল পর্যায়ের ক্রীড়া সংশ্লিষ্ট তথা ক্রীড়াবিদ, কোচ সংগঠকদের মধ্যে। প্রধানমন্ত্রীর ত্রাণ কল্যাণ তহবিল হতে দেওয়া ১০ কোটি টাকা পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রথম ধাপে ৩ কোটি অনুদানের পরই প্রধানমন্ত্রী জানিয়েছিলেন তিনি আরো অর্থ দেবেন। সেই কথায় আরো ১০ কোটি টাকা পেয়েছে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন হতে দেশের ক্রীড়া সংশ্লিষ্ট অস্বচ্ছলদের সহযোগিতা করে। এরই মধ্যে বিভিন্ন উদ্যোগও নিয়েছে এই ফাউন্ডেশন। ১ হাজার ১৫০ অস্বচ্ছল ক্রীড়াবিদের প্রত্যেককে মাসিক ২ হাজার টাকা করে বছরে ২৪ হাজার টাকা দেওয়া হবে। ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল বলেন, ‘স্বাধীনতার পর অস্বচ্ছল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের কল্যাণার্থে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে এই ফাউন্ডেশনটি গড়ে তুলেছিলেন।’

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন বোর্ড মাসিক ভাতা দেওয়ার জন্য বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন বিভিন্ন সময় আবেদন গ্রহণ করে।