ইংল্যান্ডেই জন্ম নিয়েছেন ইয়ান বোথাম ও অ্যান্ড্রু ফ্লিনটফ। ফলে এই দেশটির সর্বকালের সেরা অলরাউন্ডার হওয়াটা বেন স্টোকসের জন্য সহজ ব্যাপার নয়। তবে তার সতীর্থ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন মনে করছেন, এখন ইংল্যান্ডের সর্বকালের সেরা অলরাউন্ডার স্টোকসই হয়ে উঠেছেন। স্টোকস সম্পর্কে বলতে গিয়ে অ্যান্ডারসন বলছিলেন, ‘আমার মনে হয়, ইংল্যান্ডের সর্বকালের সেরা অলরাউন্ডার হয়ে উঠছে সে। তার এভাবে চালিয়ে না যাওয়ার এবং আরো ভালো না হওয়ার কোনো কারণ দেখছি না। এটি অবিশ্বাস্য যে, আমরা তাকে আমাদের দলে পেয়েছি এবং এটি দেখা আনন্দের।’
অ্যান্ডারসন বলছেন, স্টোকসকে দেখে-শুনে রাখার দায়িত্ব দলের, ‘সবশেষ ম্যাচে প্রায় সবই সে করেছে। বোলিং করে নিজেই বলের পেছনে দৌড়েছে, আমাদের দুই ইনিংসের বেশির ভাগ সময় সে ব্যাটিং করেছে। উইকেটও নিয়েছে... আমাদের তার প্রতি খেয়াল রাখতে হবে এবং ওর থেকে যতদিন সম্ভব সেরাটা পাওয়া নিশ্চিত করতে হবে।’
স্টোকসের এমন পারফরম্যান্সের পর ম্যাচ শেষে তার বন্দনা করেছিলেন জো রুটও। ইংল্যান্ড অধিনায়ক তাকে উপাধি দেন ‘মিস্টার ইনক্রেডিবল।’ বলেছেন, স্টোকসের সামর্থ্যের সীমানা কেবলই আকাশ। টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি পেসার অ্যান্ডারসন তো প্রশংসা করার ভাষাই হারিয়ে ফেলছেন, ‘সে কেমন ভালো, এটা বলা কঠিন। কারণ বর্ণনার জন্য ভাষা খুঁজে পাওয়া অসম্ভব। সেদিন দেখলাম জো বলছে, আমরা গ্রেট ক্রিকেটারের সঙ্গে খেলছি এবং একদম ঠিক বলেছে।’
