সোনালী ব্যাংকের পরিষেবা

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২১:৩৯

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংকের মাধ্যমে সরকারি খাতের বিভিন্ন পরিষেবা তথা কল্যাণমূলক কর্মসূচি পরিচালিত হয়ে থাকে। আর্থিক খাতে প্রায় সব ধরনের লেনদেন বাধ্যতামূলকভাবে গ্রাহকের ব্যাংক হিসাবের মাধ্যমে পরিচালিত হওয়ায় শাখাগুলোতে গ্রাহকদের চাপ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সোনালী ব্যাংকের অধিকাংশ শাখা প্রয়োজনের তুলনায় স্বল্প পরিসর বিশিষ্ট ভবন বা কক্ষে অবস্থিত। ফলে এই করোনাকালে গ্রাহকদের পক্ষে কোনোভাবেই স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয় না। প্রচণ্ড ভিড়ে গ্রাহকসেবার মানও নিম্নমুখী হচ্ছে। এ অবস্থা নিরসনকল্পে অবিলম্বে সোনালী ব্যাংকের শাখা সংখ্যা বাড়ানোর পাশাপাশি শাখাগুলোতে কাউন্টার সংখ্যা বাড়িয়ে একই কাউন্টার থেকে একাধিক ধরনের সেবা (জমা, উত্তোলন ইত্যাদি) প্রদান, নারী ও প্রবীণ গ্রাহকদের জন্য পৃথক কাউন্টারের ব্যবস্থা রাখা, সংশ্লিষ্ট কর্মকতা-কর্মচারীদের কম্পিউটারসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান, নিবিড় তদারকি ইত্যাদি নিশ্চিত করা জরুরি। সেইসঙ্গে সোনালী ব্যাংকের ওপর অর্পিত সরকারি খাতের আর্থিক পরিষেবামূলক বিভিন্ন দায়িত্ব অন্যান্য ব্যাংকের ওপর আনুপাতিক হারে ন্যস্ত করে ব্যাংকিং সেক্টরে কাজের ভারসাম্য আনা আবশ্যক।

শাহীদুল আযম

উত্তর টোলারবাগ, মিরপুর, ঢাকা