কিশোরগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিস ও কোর্টের নকল সিলসহ প্রতারক আটক

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২১:৪৯

কিশোরগঞ্জ জেলা সাব-রেজিস্ট্রি অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কোর্টের নকলখানার নকল সিলসহ জালিয়াতি চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব। বুধবার রাতে কিশোরগঞ্জ শহরতলীর শোলাকিয়া গাছবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জাকির খান তাড়াইল উপজেলার সাররং গ্রামের বাসিন্দা।  র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার বিএন এম শোভন খান জানান, দীর্ঘদিন যাবত্ জাকির খান প্রতারণার মাধ্যমে সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তাদের সিল এবং কিশোরগঞ্জ জেলা কোর্টের নকলখানার সিল অবৈধভাবে তৈরি করে জাল দলিলের ব্যবসা করে আসছিল। সে ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তাদের নকল স্বাক্ষর করতেও হস্তসিদ্ধ। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।