করোনার প্রভাবে ব্যবসায়ীদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২২:২৭

সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনা ভাইরাসের প্রভাবে ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে মারাত্মকভাবে আস্থার সংকট তৈরি হয়েছে। চলতি বছরের শুরু থেকেই এর সবচেয়ে নেতিবাচক প্রভাব আসে বেসরকারি খাতে। ফলে ২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত উদ্যোক্তাদের ব্যবসায় আস্থা সূচক মাইনাস ১৯ দশমিক ২৭ পয়েন্টে নেমে আসে। বিশেষত এ সময়ে চীন থেকে পোশাকশিল্পসহ রপ্তানিমুখী বিভিন্ন খাতের পণ্য উত্পাদন প্রক্রিয়ায় চাহিদা অনুযায়ী কাঁচামাল সরবরাহ কমে যাওয়ায় উদ্যোক্তাদের মধ্যে এ আস্থাহীনতা সৃষ্টি হয়।  অথচ ২০১৮ সালে একই সময়ে বেসরকারি খাতে এ সূচক ছিল প্লাস ৪৩ পয়েন্ট।

দেশের বিজনেস কনসালট্যান্ট প্রতিষ্ঠান লাইট ক্যাসল পার্টনার্সের (এলসিপি) এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। ‘বিজনেস কনফিডেন্স ইনডেক্স-২০১৯-২০’ (বিসিআই) শিরোনামে গতকাল বৃহস্পতিবার অনলাইন প্ল্যাটফরমের মাধ্যমে এ রিপোর্ট প্রকাশ করা হয়। গত মার্চ থেকে এপ্রিল পর্যন্ত দেশের ৫৯টি খ্যাতনামা বিভিন্ন ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনার সঙ্গে জড়িত শীর্ষ কর্মকর্তাদের সাক্ষাত্কারের ভিত্তিতে এ মানদণ্ড তৈরি করা হয়।