সৌদি আরবের কৃষি ক্ষেত্রে বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একই সঙ্গে দেশটিতে অবস্থানরত সব বাংলাদেশিকে খাদ্য ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা দেওয়ার অনুরোধ করেছেন তিনি। বুধবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সউদের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এই অনুরোধ জানান। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন ওআইসি কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি ফান্ড গঠনে সৌদি আরবের সমর্থন চেয়েছেন। তিনি বাংলাদেশ থেকে হালাল মাংস নেওয়ার এবং এখানে প্রক্রিয়াজাত মাংস কারখানা করার অনুরোধ করেছেন।
ড. মোমেন বলেন, বাংলাদেশে ভালো মানের ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী উত্পাদন করছে এবং এগুলো রপ্তানির সক্ষমতা রয়েছে। বাংলাদেশের আশ্রয় নেওয়া ১১ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনে সৌদি আরবের সমর্থন চান পররাষ্ট্রমন্ত্রী। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এ সময় বাংলাদেশ করোনা পরিস্থিতি জানতে চান। ড. মোমেন বর্তমান পরিস্থিতি তাকে অবহিত করেন।
