রাজধানীর তুরাগের দিয়াবাড়ী এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। তারা হলেন-ওমর ফারুক (৩৮) ও ইব্রাহিম খলিল(৫০)। র্যাবের দাবি নিহতরা মাদক ব্যবসায়ী। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, ৪টি খালি কার্তুজ, ৩ হাজার ৯০ পিস ইয়াবা, ৩টি মোবাইল ফোন, ১টি মোটর সাইকেল ও ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১ এর এসপি কামরুজ্জামান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকায় একটি বড় মাদকের চালান আসছে। এমতাবস্থায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে আমরা দিয়াবাড়ি নৌকা ঘাট এলাকায় একটি তল্লাশি চৌকি স্থাপন করি। রাত আড়াইটার দিকে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে তা না থেমে চলে যায়। তখন ধাওয়া করলে তারা গুলি ছোড়ে। র্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ওই দুজন গুলিবিদ্ধ হয়। পরে তাদেরকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। গোলাগুলির সময় র্যাবের এক সদস্যও আহত হন। পরে গুলিবিদ্ধদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হই আমরা।
তিনি আরো বলেন, গুলিবিদ্ধ ইব্রাহিম খলিল ও ওমর ফারুক মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ইত্তেফাক/এমআর
