আলমডাঙ্গায় খুন অপহরণ মামলার আসামিকে হত্যা

আপডেট : ২৪ জুলাই ২০২০, ১৬:২৭

আলমডাঙ্গায় আব্দুল হাকিম নামে এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে আলমডাঙ্গার আইলহাঁসের পদ্মবিল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। হাকিম হত্যা, অস্ত্র ও অপহরণ মামলার আসামি ছিলেন। এ ঘটনায় হাকিমের বন্ধু পিয়ার আলীকে জিজ্ঞাসাবাদে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত আব্দুল হাকিম আইলহাঁস গ্রামের সাহাবুদ্দিনের ছেলে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবীর জানান, হাকিমের নামে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। পূর্ব শত্রতার জেরে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকারীদের ধরতে পুলিশ মাঠে নেমেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: আজ বাঙালির মহানায়ক উত্তমকুমারের মৃত্যুবার্ষিকী

হাকিমের বয়োবৃদ্ধ নানি জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে আইলহাঁস গ্রামের ফয়জুলের ছেলে পিয়ার পদ্মবিলে মাছ ধরতে হাকিমকে ডাকতে আসে। সে তাদের বাড়ি থেকে মাছ ধরার যন্ত্র কোচও নিয়ে যায়। হাকিম পরে পদ্মবিলে যায়।

প্রতিবেশীরা জানায়, রাত ১০টার দিকে বাড়ির পাশের পদ্মবিল থেকে হাকিমের বাঁচাও বাঁচাও চিৎকার শুনে তারা বিলের ধারে গিয়ে খোঁজাখুঁজি করে। না পেয়ে তারা বাড়িতে ফিরে আসে। পরদিন শুক্রবার সকালে প্রতিবেশীরা বিলের কোমর পানিতে হাকিমের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। 

পুলিশ জানায়, হাকিমের মাথায় ভারি কোনো বস্ত দিয়ে প্রথমে আঘাত করা হয়। পরে একাধিক ব্যক্তি তাকে পানিয়ে চুবিয়ে হত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে।

ইত্তেফাক/এসি