মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান (৭৮) বৃহস্পতিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। মিয়াজ উদ্দিন খান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনের পিতা। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে প্রথম জানাজা এবং কালকিনির সাহেবরামপুর জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে কালকিনির পশ্চিম সাহেবরামপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক নৌমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ড. আবদুস সোবাহান গোলাপ এমপি, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
