মহাকাশে ‘স্যাটেলাইট অস্ত্র’ উেক্ষপণ করেছে রাশিয়া

আপডেট : ২৪ জুলাই ২০২০, ২১:৪৪

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অভিযোগ করেছে, রাশিয়া সম্প্রতি মহাকাশে এমন এক ধরনের উেক্ষপকের পরীক্ষা চালিয়েছে, যেটি মহাকাশে স্যাটেলাইটে আঘাত করার অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, রাশিয়ার ব্যবহার করা এই উেক্ষপক ‘মহাকাশ কক্ষপথে স্যাটেলাইট-বিরোধী অস্ত্র’। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা মহাকাশে রুশ যন্ত্রপাতি পরীক্ষা করার উদ্দেশ্যে নতুন প্রযুক্তি ব্যবহার করছে।

নতুন রুশ স্যাটেলাইটের কার্যক্রম নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল যুক্তরাষ্ট্র। তবে রাশিয়ার মহাকাশে পরীক্ষামূলক উেক্ষপণ নিয়ে এই প্রথম অভিযোগ তুললো যুক্তরাজ্য। আর এই অভিযোগ এমন একটা সময় উঠল যখন ব্রিটিশ পার্লামেন্টের নিরাপত্তা ও গোয়েন্দা সংক্রান্ত কমিটির এক রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাজ্য পশ্চিমা দুনিয়ায় রাশিয়ার সবচেয়ে বড় লক্ষ্যবস্তুর একটি। বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ক্রিস্টোফার ফোর্ড মস্কোর বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ তোলেন। বিবৃতিতে তিনি বলেন, ‘মস্কো যুক্তরাষ্ট্রের সামর্থ্যকে সীমিত করতে চায়, কিন্তু মহাকাশে তাদের নিজেদের কার্যক্রম সীমিত করার কোনো ইচ্ছা নেই তাদের।’

যুক্তরাজ্যের মহাকাশবিষয়ক অধিদপ্তরের প্রধান হার্ভে স্মিথ বলেন, রাশিয়ার সাম্প্রতিক স্যাটেলাইটের ‘চরিত্রগত বৈশিষ্ট্য অস্ত্রের মতো।’ তিনি বলেন, ‘এই ধরনের কার্যক্রম মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারকে ঝুঁকির মুখে ফেলে এবং মহাকাশে ধ্বংসস্তূপ তৈরি করার ঝুঁকি তৈরি করে, যার ফলে যেকোনো স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত হতে পারে। আমাদের পৃথিবী যেই মহাকাশের ওপর নির্ভরশীল, সেটিকেও ঝুঁকির মুখে ফেলতে পারে এই ধরনের কার্যক্রম।’ রাশিয়াকে ‘দায়িত্বশীল’ আচরণ করার আহ্বান জানিয়ে পরবর্তী সময়ে এ ধরনের কার্যক্রম এড়িয়ে চলার অনুরোধ করেন তিনি।

রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ ১০০টির বেশি দেশ মহাকাশসংক্রান্ত একটি চুক্তির অংশীদার, যেই চুক্তি অনুযায়ী মহাকাশ শুধু শান্তিপূর্ণ কার্যক্রমের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। মহাকাশে বা কোনো স্যাটেলাইটের কক্ষপথে কোনো ধরনের অস্ত্র স্থাপন করা যাবে না বলেও চুক্তিতে উল্লেখ রয়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ কমান্ডের প্রধান জেনারেল জে রেমন্ড বলেছেন, সম্প্রতি রাশিয়া যে ‘মহাকাশভিত্তিক অ্যান্টি-স্যাটেলাইট অস্ত্র’ পরীক্ষা করেছে তার প্রমাণ পাওয়া গেছে। তবে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, দেশটি মহাকাশে ভিন্ন ধরনের কিছু পরীক্ষা চালাচ্ছে।