বন্দরে অপহূত স্কুলছাত্র উদ্ধার, ৪ জন গ্রেফতার

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ০০:৩০

বন্দর থানা পুলিশ গত শুক্রবার অপহূত স্কুলছাত্র মেহেদী হাসান সিয়ামকে (১৫) ওইদিন রাতেই বন্দরের ফরাজীকান্দা হান্ডুর ব্রিজের সামনে থেকে উদ্ধার করেছে, সেই সঙ্গে গ্রেফতার করেছে চার অপহরণকারীকে। গ্রেফতারকৃতদের নাম হূদয় (২৩), আবুল হোসেন (২২), রানা (২২) ও আবুল হোসেন (৩০)। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। সিয়াম সৈয়দপুরের মান্নান মিয়ার ছেলে।

বন্দর থানার ওসি আজহারুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ গণবিদ্যা স্কুলের ছাত্র এসএসসি পরীক্ষার্থী সিয়াম গত শুক্রবার সন্ধ্যায়  বন্দরের কুশিয়ারা নানী বাড়ি থেকে নিজ বাড়ি শহরের তামাকপট্টি যাওয়ার পথে বন্ধন বাস কাউন্টারের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাকে বন্দরের ফরাজীকান্দা হান্ডুর ব্রিজের নিচে নিয়ে মারধর করে এবং মোবাইল ফোনে ছেলেটির মা’র কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। সিয়ামের মা বিকাশ নাম্বারে ১৫ হাজার টাকা প্রেরণও করেন। অপহরণকারীরা আরো টাকা দাবি করলে তিনি পুলিশের শরণাপন্ন হন। তাত্ক্ষণিকভাবে পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহূত স্কুলছাত্রকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে ৪ অপহরণকারীকে গ্রেফতার করে। গতকাল শনিবার দুপুরে পুলিশ তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়।