গাজীপুরে শ্রমিক লীগ নেতার বাড়িতে ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুট

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ০০:৩০

গাজীপুর মহানগরীর পূবাইলের বিলাসারা এলাকায় শ্রমিক লীগ নেতা শফিকুল ইসলাম কাঞ্চনের বাড়িতে শুক্রবার রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ ২ লাখ টাকা, প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্রসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গৃহকর্তা শফিকুল ইসলাম কাঞ্চন টঙ্গী অলেম্পিয়া টেক্সটাইল মিলের শ্রমিক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

শফিকুল ইসলাম কাঞ্চন জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ১৫-২০ জনের একদল ডাকাত তার বাসার কলাপসিবল গেট ও তিনটি দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে। মুখোশপড়া ডাকাতরা তার এবং পরিবারের অন্য সদস্যদের গলায় পিস্তল ও ছুরি ধরে তাদের জিম্মি করে ফেলে। পরে ডাকাতরা বাসার আলমারির ভেঙে নগদ ২ লাখ টাকা, প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার, একটি ল্যাপটপ ও ৫টি দামি মোবাইল ফোন সেটসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে শফিকুল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

পূবাইল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক ভুঁইয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।