দুই-এক জনের বিদায়ে স্বাস্থ্য খাতের সংকট কাটবে না : রিজভী

আপডেট : ২৪ জুলাই ২০২০, ২২:৪৫

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বিদায়ের প্রসঙ্গ টেনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুই-এক জনকে পদত্যাগ করিয়ে স্বাস্থ্য খাতের চলমান সংকটের অবসান হবে না। করোনার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুরবস্থা জনগণের সামনে স্পষ্ট হয়ে পড়েছে। এই অবস্থায় দুই-এক জনকে গ্রেফতার, বদলি কিংবা পদত্যাগ করিয়ে কিংবা দুই একটা মন্ত্রণালয়ের রদবদল করে পরিস্থিতির উন্নয়ন ঘটানো সম্ভব নয়।

সমাধান কীভাবে হবে—তার ব্যাখ্যায় রিজভী বলেন, বাস্তবতা হলো, পরিস্থিতির উন্নয়ন ঘটাতে চাইলে জনগণের স্বার্থ রক্ষায় গোটা সরকারেরই খোলনলচে পালটাতে হবে। অর্থাত্ প্রধানমন্ত্রীসহ এই সরকারের পদত্যাগ করতে হবে।

অর্থ পাচারের অভিযোগ তুলে তিনি বলেন, জনগণের কাছে এখন স্পষ্ট এই সরকারের উদ্দেশ্য জনস্বার্থ নয়, এই উদ্দেশ্য জনগণের অর্থ সম্পদ লুটপাট ও টাকা পাচার। এদের আমলে দেশের ব্যাংকগুলো প্রায় দেউলিয়া অথচ বিদেশের ব্যাংকে জমছে বাংলাদেশ থেকে পাচার করা টাকা।

গতকাল শুক্রবার দলের নয়াপল্টনের কার্যালয় থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।