শিশুপুত্র আর্চির ছবি অবৈধভাবে তোলায় পাপারাজ্জিদের দূরে রাখতে আদালতে মামলা করেছেন ব্রিটিশ রাজপুত্র হ্যারি এবং তার স্ত্রী মেগান। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের উচ্চ আদালতে মামলাটি দায়ের করা হয়। খবর রয়টার্সের
মামলার বিষয়ে হ্যারি এবং মেগানের আইনজীবী একটি বিবৃতিতে বলেন, বাড়িতে ছেলের গোপনীয়তার অধিকার রক্ষা করতে সাসেক্সের ডিউক ও ডাচেস প্রিন্স হ্যারি ও মেগান এই মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, পাপারাজ্জিরা দিনরাত সার্বক্ষণিক হ্যারি ও মেগানকে অনুসরণ করছেন। তারা তাদের লস অ্যাঞ্জেলসের বাসস্থান পর্যন্ত অনুসরণ করেছে এবং হেলিকপ্টার ও ড্রোনের মতো উড্ডয়নশীল যানের মাধ্যমে নিরাপত্তা বেষ্টনী ভঙ্গ করছে। এ ব্যাপারে বিশেষ কোনো প্রতিকার চাচ্ছেন না এই রাজকীয় দম্পতি। মামলায় বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী নিজেদের বাড়িতে গোপনীয়ভাবে বাস করার অধিকারটুকুই কেবল চাচ্ছেন তারা। এর আগে গোপনীয়তার অধিকার ভাঙার অভিযোগে যুক্তরাজ্যের ট্যাবলয়েড পত্রিকাগুলোর বিরুদ্ধেও ক্ষুব্ধ হয়েছিলেন হ্যারি ও মেগান। এ নিয়ে একটি মামলাও করেছিলেন তারা। তখন অভিযোগে বলা হয়েছিল, ডাচেস মেগান অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় যেসব খবর যুক্তরাজ্যের ট্যাবলয়েডে ছাপা হয়েছিল সেজন্য নিজেকে অরক্ষিত অনুভব করেছিলেন তিনি। ইংল্যান্ডের রাজকীয় দায়িত্ব ত্যাগ করার পর হ্যারি ও মেগান দম্পতি বর্তমানে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে বাস করছেন। নতুন কিছুতে ক্যারিয়ার গড়া নিয়ে ভাবছেন তারা।
