ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শ্রীপুর বাজারে টেলিভিশন চুরির সন্দেহে রানা নামে এক যুবককে উল্টো করে গাছে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার দুই আসমিকে গ্রেফতার করেছে পুলিশ ।
নিযাতনের শিকার রানার বাবা ওমর আলি অভিযোগ করেন, গত ২৭ ডিসেম্বর রাতে হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের শ্রীপুর বাজারে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় থেকে টেলিভিশন চুরি হয়। পরদিন সকালে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীনুর রহমান তুহিনসহ কয়েকজন তার ছেলে রানাকে চোর সন্দেহে মাঠ থেকে ধরে আনে। শ্রীপুর বাজারের একটি কাঁঠাল গাছে তার হাত পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন করা হয়। পরে তাকে স্থানীয় পুলিশ ক্যাম্পে সোপর্দ করে।
তিনি বলেন, পুলিশ হরিণাকুন্ডু থানায় এনে রানাকে নিয়ে টিভি উদ্ধারের চেষ্টা করে। কিন্তু টিভি উদ্ধার করতে পারেনি। পরে পুলিশ রানাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়।
রানা গুরুতর অসুস্থ হয়ে গেলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। গত শুক্রবার সকালে ওই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর চারিদিক থেকে প্রতিবাদের ঝড় উঠে।
অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী জানান, শুক্রবার রাতে ওমর আলি হরিণাকুন্ডু থানার একটি মামলা করেছেন। রাতেই পুলিশ আসামি শাহিনুর রহমান তুহিন ও কাজী বাবুলকে গ্রেফতার করেছে।
