করোনা মহামারি পরিস্থিতির মধ্যে ঈদুল আজহাকে সামনে রেখে আজ শনিবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবারও অভ্যন্তরীণ তিনটি রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে। চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে ফ্লাইট পরিচালনা করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়—যাত্রীরা বিমানের বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও এজেন্টের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন। তিনি বলেন, প্রতিদিন তিন রুটের আসা যাওয়াসহ চট্টগ্রামে ৬টি, সিলেটে ৬টি ও সৈয়দপুরে ৪টি অর্থাত্ ১৬টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। মহামারি শুরুর আগের ভাড়াতেই যাত্রীরা ভ্রমণ করতে পারবেন বলে জানান তিনি।
করোনা ভাইরাস মহামারির কারণে গত মার্চ থেকে বাংলাদেশে সাতটি আভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ ছিল প্রায় আড়াই মাস। বিধিনিষেধ শিথিল হওয়ার পর ১ জুন ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম ও সৈয়দপুরে উড়োজাহাজ চলাচল শুরু হয়।
ফ্লাইট চালুর প্রথম দিন ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে আসা-যাওয়াসহ দুটি করে সর্বমোট ৬টি ফ্লাইট ছিল বিমানের। তার মধ্যে কেবল সৈয়দপুর রুটে দুটি ফ্লাইটই পরিচালিত হয়েছে। এরপর যাত্রী সংকটের কথা জানিয়ে অভ্যন্তরীণ রুটে বিমানের ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয় বিমান; যদিও বেসরকারি বিমান সংস্থাগুলো এ সব রুটে ফ্লাইট চালিয়ে আসছে।
