তালায় চুরি হওয়া ৫ গরু উদ্ধার, আটক ২

আপডেট : ২৫ জুলাই ২০২০, ১৬:২২

সাতক্ষীরার তালা উপজেলা থেকে পাঁচটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক নারীসহ দুইজনকে আটক করা হয়েছে। চুরি করা দুটি গরু খলিলনগর  এলাকা থেকে হাতেনাতে এবং অন্য তিনটি গরু আঠারো মাইল নামক এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। 

আটকরা হলেন- তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের উত্তর নলতা গ্রামের মোকছেদ সরদারের ছেলে সিরাজুল ইসলাম (৪০) এবং মাগুরা ইউনিয়নের চাঁদকাটি গ্রামের মোছা. মুক্তি বেগম (৩২)। মুক্তি বেগম আশাশুনীর গদাইপুর গ্রামের কবিরুল মল্লিকের স্ত্রী।  

আশাশুনি থানার এসআই শরীফ এনামুল হক জানান, গত বুধবার রাতে গরু পাঁচটি আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের রেজাউল সরদারের ছেলে তবিবুর রহমান হিটলার ও ইউছুপ মোল্যার বাড়ি থেকে চুরি হয়। আশাশুনির গদাইপুর গ্রামের ইনতাজ মোল্ল্যার ছেলে আব্দুল মজিদ মোল্ল্যা ও কবিরুল মল্লিক গরুগুলো চুরি করে তালার উপজেলার উত্তর নলতা গ্রামের সিরাজুল ইসলামের কাছে বিক্রি করেন বলে জানা গেছে।

আরও পড়ুন: মনপুরায় জেলেদের জালে দেখা নেই ইলিশের

তিনি আরও জানান, গরুর মালিকরা খুঁজতে খুঁজতে ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল বাজার এসে তাদের একটি গরু পান। তারা গরুটিকে পাহারায় রেখে জেলা পুলিশ সুপারকে বিষয়টি ফোনে জানান। পরে আশাশুনি থানা থেকে তালা উপজেলার জাতপুর ক্যাম্পে সংবাদ পাঠানো হয়। খবর পেয়ে জাতপুর ক্যাম্পের এএসআই মো. আলাউদ্দীন ও জামিনুর রহমান আঠারোমাইল বাজার থেকে তিনটি গরুসহ সিরাজুল ইসলামকে আটক করে। পরে তার দেওয়া তথ্যে তালার খলিলনগর এলাকা থেকে আরও দুটি গরু উদ্ধার করে নিয়ে যায় আশাশুনি থানা পুলিশ।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির জানান, গরুগুলো চুরির ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আটকদের শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইত্তেফাক/এসি