নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শ্রমিক খুন

আপডেট : ২৫ জুলাই ২০২০, ২১:৩৭

নারায়ণগঞ্জ শহরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মুসা সরকার (৫৭) নামে এক ড্রেজার শ্রমিক। এ ঘটনার জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

শনিবার ভোর ৫টার দিকে শহরের দুই নম্বর রেল গেইট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুসা সরকার মুন্সিগঞ্জ সদরের বাসিন্দা। তিনি শেরপুরে ড্রেজার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। 

নিহতের চাচাতো ভাই মো. জহির উদ্দিন সরকার বলেন, ‘ঈদের ছুটি কাটাতে মুসা গত শুক্রবার রাতে নাইট কোচে শেরপুর থেকে নারায়ণগঞ্জ আসছিল। পরে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাওয়ার কথা ছিল। 

শনিবার ভোরে সে চাষাঢ়া বাস থেকে নামে এবং পায়ে হেটে শহরের দুই নম্বর রেল গেইট এলাকার আসছিল। আসার পর তিনজন যুবক তার পথরোধ করে এবং সঙ্গে থাকা টাকা দাবি করে। ছিনতাইয়ের সময় মুসা আশেপাশে থাকা নৈশপ্রহরীদের কাছে সাহায্য চাইতেই ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’ 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে তিনজন নৈশপ্রহরী উপস্থিত ছিলেন। তাদের তথ্য মতে আকাশ ও রাজা নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ছেলে হাসান সরকার বাদী হয়ে একটি মামলা করেছেন।

ইত্তেফাক/জেডএইচ