চাটখিলে গরু চুরির হিড়িক রাত জেগে পাহারা

আপডেট : ২৫ জুলাই ২০২০, ২১:৪১

চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালী জেলার চাটখিলের দক্ষিণ অঞ্চলে গরু চুরির হিড়িক পড়ে গেছে। প্রতিদিনই চুরি হচ্ছে গৃহপালিত গরু। গত চার/পাঁচ মাসে ২৫ থেকে ৩০টি গরু চুরি হয়েছে। যারা গরু পালন করে জীবিকানির্বাহ করছেন বর্তমানে তারা রাত জেগে তাদের গরু পাহারা দিচ্ছেন।

দক্ষিণ দেলিয়াই গ্রামের মোস্তফা জানান, তিনি গাভির দুধ বিক্রি করে সংসার চালাতেন। তার গাভিটি চুরি হওয়ায় তিনি এখন সংসার চালাতে পারছেন না।

বালিয়াধর গ্রামের খালেদ খোকন জানান, গরু চুরির ঘটনা তিনি পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। গরু চুরি করে পিকআপে নিয়েছে। অথচ থানা পুলিশের কয়েকটি ভ্যান প্রতিনিয়ত টহল দিচ্ছে। একটি গরুও উদ্ধার করতে পারেনি তারা।

চাটখিল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, গরু চুরির ঘটনায় থানায় তিনটি মামলা হয়েছে এবং কয়েক জন গরুচোর গ্রেফতার হয়েছে। তিনি খিলপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জকে গরু চুরির ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানান।