ঢাকা উত্তর সিটিতে কোরবানির জন্য ২৫৬ স্থান নির্ধারণ

আপডেট : ২৫ জুলাই ২০২০, ২১:৫৭

২৪ ঘণ্টার মধ্যে হবে বর্জ্য অপসারণ :মেয়র

ইত্তেফাক রিপোর্ট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় পশু কোরবানির জন্য ২৫৬টি স্থান নির্ধারণ করা হয়েছে। ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম নগরবাসীকে এসব স্থানে পশু কোরবানি দেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রতি বছরের ন্যায় এ বছরও ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন মেয়র। কোরবানি পশুর বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ডিএনসিসি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে গতকাল শনিবার এক অনলাইন সভায় তিনি এসব কথা বলেন। সভায় মেয়র আতিকুল ইসলাম কোরবানি পশুর হাট এবং কোরবানি পশুর বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে কোরবানি পশুর হাটে স্বাস্থ্যবিধি বাস্তবায়নের জন্য মনিটরিং জোরদার করা হবে। এরই মধ্যে ১০ জন ওয়ার্ড কাউন্সিলরের সমন্বয়ে একটি মনিটরিং কমিটি করা হয়েছে। তিনি বলেন, কোরবানি পশুর বর্জ্য অতি দ্রুত পরিষ্কার করে একটি দুর্গন্ধহীন সুন্দর শহর উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। এ জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, মাঠ পর্যায়ে ডিএনসিসির নিজস্ব, আউটসোর্সিং এবং প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার (পিডব্লিউসিএসপি) কর্মীসহ মোট ১১ হাজার ৫০৮ জন পরিচ্ছন্নতাকর্মী এবং ডিএনসিসির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ জন্য কর্মকর্তা-কর্মচারীদের সকল ধরনের ছুটিও বাতিল করা হয়েছে। বর্জ্য অপসারণের জন্য ভারী ও হালকা মোট ৪৩০টি যানবাহন থাকবে। পরিবেশ সুরক্ষা ও দূষণমুক্ত রাখার জন্য প্রায় ৫১ টন ব্লিচিং পাউডার ও পাঁচ লিটার ধারণক্ষমতা সম্পন্ন ৯৬০ ক্যান তরল জীবাণুনাশক ছিটানো হবে। সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, প্রধান প্রকৌশলী আমিরুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, মহাব্যবস্থাপক (পরিবহন) আব্দুল লতিফ খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।