মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষ
বরগুনা (উত্তর) প্রতিনিধি
বঙ্গোপসাগরে মাছ শিকারে দীর্ঘ ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়েছে বৃহস্পতিবার (২৩ জুলাই) মধ্যরাতে। এরই মধ্যে গভীর সাগরে রওয়ানা হওয়ার প্রস্তুতি নিয়েছেন অনেকেই। আবহাওয়ার কিছুটা উন্নতি হলেই ট্রলারগুলোতে বাজার-সদাই আর বরফ ভর্তি করে তারা ছুটবেন মাছ ধরতে। কিন্তু গত কয়েকদিন ধরে বরগুনা জেলাসহ আশপাশের উপকূলীয় এলাকাগুলোতে থেমে থেমে ভারী বৃষ্টি এবং কালো মেঘ জমে আছে। সাগর উত্তাল রয়েছে।
এদিকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এরই মধ্যে জেলে-পাইকার আর আড়তদারের পদচারণায় মুখর বরগুনার পাথরঘাটা মত্স্যবন্দরসহ বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলার জেলে অধ্যুষিত বিভিন্ন এলাকা। প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে জেলে পল্লিগুলোতেও। দীর্ঘদিন বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ থাকায় এবার জালে বেশি মাছ ধরা পড়বে এমনটাই প্রত্যাশা জেলেদের।
বরগুনা জেলা মত্স্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, প্রাকৃতিক ভারসাম্য ঠিক রেখে বঙ্গোপসাগরে সহস্র প্রজাতির মত্স্য সম্পদের সুরক্ষায় চলতি বছরের ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। বরগুনার পাথরঘাটা উপজেলার এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলারের জেলে জাকির হোসেন (৩৫) বলেন, ‘এমনেতেই করোনা মহামারি, তাই আর কোনো কামও করতে পারি নাই। বৌ-পোলাপান লইয়া কোনোরহম ধার উধধার কইরা চলছি এতদিন। এহন অবরোধ শেষ অইছে। তয় আবার আহাশের অবস্থা ভালো না। ভালো না সাগরের পরিস্থিতিও। আল্লাহ যদি রহমত করে আর সাগরের পরিস্থিতি ভালো থাহে তাইলে এইবার যদি কিছু পয়সার মুখ দেখতে পারি। বেশি কিছু চাই না, ধার দেনাডা শোধ করতে পারলেই অয়।’
