সরকারি কাজে বাধাদানের
অভিযোগ
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনির চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের কোভিড-১৯ নমুনা পরীক্ষা কাজে বাধাদানের অভিযোগে শনিবার দুপুরে পাঁচ শ্রমিকনেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত খনি শ্রমিকনেতারা হলেন—বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, দপ্তর সম্পাদক এরশাদ আলী, জাতীয় শ্রমিক লীগ বড়পুকুরিয়া কয়লাখনি শাখার সহসভাপতি মাহাবুবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন।
বড়পুকুরিয়া কয়লাখনি শাখা জাতীয় শ্রমিক লীগের সভাপতি জাহিদুল ইসলাম রতন বলেন, কর্তৃপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করতেই পাঁচ শ্রমিকনেতাকে গ্রেফতার করিয়েছেন। আজ শ্রমিকনেতাদের মুক্তির দাবিতে খনি গেটে অবস্থান নিয়ে আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
পার্বতীপুর মডেল থানার ওসি মো. মোখলেছুর রহমান বলেন, সরকারি কাজে বাধাদান, রাস্তায় অবরোধ সৃষ্টিসহ ভাঙচুরের অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. কামরুজ্জামান খানের সঙ্গে তার ০১৭১১৫২৫৪৩৩ নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন না ধরায় এ বিষয়ে তার কোনো মন্তব্য নেওয়া যায়নি।
