নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল এম শাহীন ইকবাল নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে তিনি নৌবাহিনীর পূর্বতন প্রধান অ্যাডমিরাল এ এম এম আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।
গতকাল নৌ সদর দপ্তরে নবনিযুক্ত নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল এম শাহীন ইকবাল কমান্ড হস্তান্তর/গ্রহণ বইতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ড গ্রহণ করেন। এ অনুষ্ঠানে নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, সব আঞ্চলিক কমান্ডার, ডকইয়ার্ড/শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং ঊর্ধ্বতন নৌ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ভাইস অ্যাডমিরাল এম শাহীন ইকবাল ১৯৮০ সালের ১ জুন বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮২ সালের ১ ডিসেম্তর এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তার দীর্ঘ ও সুপরিচিত ৪০ বছরের কর্মজীবনে তিনি দৃষ্টান্তমূলক সামরিক সক্ষমতা প্রদর্শন করেছেন। তিনি নৌবাহিনীর ফ্রিগেটসহ সব শ্রেণির জাহাজ ও গুরুত্বপূর্ণ ঘাঁটি কমান্ড করেছেন। ভাইস অ্যাডমিরাল এম শাহীন ইকবাল তার অসামান্য একাডেমিক সাফল্য ও পেশাদারিত্বের জন্য নৌবাহিনীর সর্বোচ্চ পদক (এনবিপি) ও নৌ উত্কর্ষ পদকে (এনইউপি) ভূষিত হন।
তিনি যুক্তরাষ্ট্র থেকে নেভাল স্টাফ কোর্স, মেরিটাইম কম্পোনেন্ট কমান্ডার ফ্ল্যাগ অফিসার কোর্স, ইন্টারন্যাশনাল সারফেস ওয়ারফেয়ার কোর্স, ভারত থেকে এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার কোর্স এবং মিরপুর ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ও এনডিসি কোর্সসহ দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ অত্যন্ত সফলতার সঙ্গে সম্পন্ন করেন।
বর্ণাঢ্য চাকরিজীবনে ভাইস অ্যাডমিরাল এম শাহীন ইকবাল আন্তর্জাতিক মেরিটাইম পরিমণ্ডলে একাধিকবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তিনি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, তুরস্ক, ভারত, সৌদি আরব, কুয়েত ও কাতারসহ বিভিন্ন দেশে সেমিনার, সিম্পোজিয়াম ও সামরিক প্রদর্শনীতে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
